প্রিন্ট এর তারিখঃ Sep 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 31, 2026 ইং
বাণিজ্যমন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নেতৃবৃন্দ। আজ দুপুরে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজালের নেতৃত্বে উপস্থিত ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকতইল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ এবং পরিচালক প্রকৌশলী মো. মোস্তফা কামাল। এছাড়া নোয়াখালী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দেশের আবাসন শিল্পের বর্তমান পরিস্থিতি, ব্যবসা-বাণিজ্যের প্রসার, বিনিয়োগ বৃদ্ধি এবং আবাসন খাতের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন রিহ্যাব নেতৃবৃন্দ। এ সময় রিহ্যাব নেতৃবৃন্দ আবাসন খাতের বিদ্যমান বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জের বিষয়গুলো বাণিজ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন। একই সঙ্গে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে আবাসন শিল্পের বহুমাত্রিক অবদান এবং কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নির্মাণসামগ্রী, ব্যাংকিং, পরিবহন, ইলেকট্রিক্যাল, ফার্নিচারসহ সংশ্লিষ্ট প্রায় অর্ধশতাধিক খাতের সঙ্গে আবাসন শিল্পের সরাসরি সম্পৃক্ততার বিষয়টিও তুলে ধরা হয়।
তাঁরা বলেন, আবাসন খাত শুধু মানুষের বাসস্থানের চাহিদা পূরণ করে না; এ খাত দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ আরও সহজ করা গেলে আবাসন শিল্পের মাধ্যমে অর্থনীতিতে গতি সঞ্চারের পাশাপাশি নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ তৈরি হবে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির রিহ্যাব নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগসহকারে শোনেন। তিনি দেশের ব্যবসা-বাণিজ্য ও আবাসন খাতের উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
রিহ্যাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকারের সঙ্গে বেসরকারি খাতের কার্যকর সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হলে দেশের আবাসন শিল্প নতুন গতি পাবে। এর মাধ্যমে সাধারণ মানুষের আবাসনের চাহিদা পূরণের পাশাপাশি বিনিয়োগ, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এ খাতের অবদান আরও বৃদ্ধি পাবে।
স্বত্ব © দৈনিক ঊষারবাণী ২০২৬