প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 21, 2026 ইং
প্রধানমন্ত্রীকে আলিঙ্গনের চেষ্টার পর স্ট্যান্ড রিলিজ রাজশাহীর বিভাগীয় কমিশনার

প্রধানমন্ত্রীকে আলিঙ্গনের চেষ্টার পর স্ট্যান্ড রিলিজ রাজশাহীর বিভাগীয় কমিশনার রাজশাহী বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বদলির আদেশ জারির দিন গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাতেই তিনি রাজশাহী ছেড়েছেন। তার স্থলে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রেজাউল আলম সরকারকে।
মঙ্গলবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে ইউসুফ আলীকে বদলি করা হয়।
এর আগে মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। জনসভা শেষে সন্ধ্যা ৭টার দিকে একই উড়োজাহাজে রাজশাহী ত্যাগ করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে বিদায় জানানোর সময় বিভাগীয় কমিশনার ইউসুফ আলী হাত মেলাতে গিয়ে প্রধানমন্ত্রীর দিকে ঝুঁকে কিছুটা এগিয়ে যান।
ওই ঘটনার পরই তার বদলির আদেশ জারি হওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে রাজশাহী বিভাগীয় কমিশনারের (ভারপ্রাপ্ত) দায়িত্বে থাকা যুগ্মসচিব রেজাউল আলম সরকারকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
স্বত্ব © দৈনিক ঊষারবাণী ২০২৬