চিঠিটি আদৌ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিনা, তা নিশ্চিত নয় দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন। কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে, হাইকমিশন ইমেইল মারফত একটি চিঠি পেয়েছে। যেখানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেয়ার অনুরোধ জানানো হয়েছে। সূত্র গণমাধ্যমকে জানায়, চিঠিটি পাঠিয়েছে লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। তবে চিঠিটি যে শেখ হাসিনার, তা নিশ্চিত নয়। কেননা, চিঠিতে হাসিনার অনুমোদনের (অথরাইজেশন) কোনো প্রমাণ নেই। চিঠিটি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এদিকে আজ দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, পলাতক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেয়া হবে না। আইনগতভাবে পলাতক কোনো আসামি পাসপোর্ট পেতে পারেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো সুযোগ নেই। একইসঙ্গে ভারতের প্রতি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি। শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি কার্ডের অনুরোধ জানিয়ে ইমেইল পাঠানোর খবরটি প্রথম প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরে শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরতে চাইছেন, চিঠিটি তার একটি স্পষ্ট পদক্ষেপ। ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনার দীর্ঘ শাসনের পতনের দুই বছরের বেশি সময় পর তিনি এ উদ্যোগ নিলেন। ফলে দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশে বর্তমানে হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের মাধ্যমে শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের পরিপ্রেক্ষিতে তাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিনীত অনুরোধ জানানো হচ্ছে। একইসঙ্গে বিষয়টি পর্যালোচনা করে দ্রুত ব্যবস্থা নিতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও কাগজপত্র সম্পর্কে হাইকমিশনের কাছে অনুরোধ জানানো হয়।