
রাজধানীর গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন ও যানজট নিরসনে মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে রাজধানীর বিভিন্ন এলাকায় মনোরেল চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, রাজধানীতে কয়েকটি রুটে মেট্রোরেল চালু রয়েছে। বাকি রুটগুলোর কাজ যাতে দ্রুত শেষ করা যায়, সে বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা বাড়াতে মনোরেল চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে ভাবা হচ্ছে।
মনোরেলের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, তুলনামূলক ছোট ও ঘনবসতিপূর্ণ এলাকার মধ্য দিয়েও মনোরেল চলাচল করতে পারে। মোহাম্মদপুর, ধানমন্ডি ও সবুজবাগের ভেতরের এলাকাগুলোতে এ ধরনের যোগাযোগব্যবস্থা চালু করা সম্ভব হলে সাধারণ মানুষ উপকৃত হবে।
রাজধানীর যানজট নিরসনে প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরের ৫০টি পয়েন্টে নতুন করে এআই-নিয়ন্ত্রিত ট্রাফিক সিগন্যাল স্থাপনের কাজ চলছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে নতুন ট্রাফিক লাইট ও সিগন্যাল বসানো হয়েছে। আগামী দুই মাসের মধ্যে এগুলো কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তারেক রহমান বলেন, এআই ক্যামেরাসহ ট্রাফিক লাইটগুলো চালু হলে রাজধানীর যানবাহন চলাচল আরও সুশৃঙ্খল হবে। এতে যানজট কমার পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতও সহজ হবে বলে সরকারের প্রত্যাশা।
বিশ্বের বড় ও জনবহুল শহরগুলোতে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান শুরু এবং ছুটির সময়ে যানজট একটি স্বাভাবিক বাস্তবতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। তবে রাজধানীর যানজট যতটা সম্ভব কমিয়ে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে।
বুধবার বিকেল সোয়া ৪টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির প্রথম ৩০ মিনিট ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব।
গত ৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংক্ষিপ্ত এ অধিবেশন বুধবার প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।