
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। গত ৯ নভেম্বর ভর্তি পরীক্ষা গ্রহণ না করার বিষয়ে দেওয়া অনুরোধ বাতিল করা হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়গুলো এখন থেকে নিজস্ব আইন, বিধি ও নীতিমালা অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিতে পারবে।
বুধবার সন্ধ্যায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ইউজিসির সদস্যরা এবং ভার্চুয়াল প্ল্যাটফর্মে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন।
ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ নভেম্বর উপাচার্যদের এক সভায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি পরীক্ষা গ্রহণ না করার অনুরোধ জানানো হয়েছিল।
তবে ওই সিদ্ধান্তের ফলে সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করা এবং ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে বিশেষ সভা আহ্বান করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়গুলোর আইনগত ক্ষমতা, অ্যাকাডেমিক স্বায়ত্তশাসন এবং শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে সর্বসম্মতিক্রমে তিনটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, গত ৯ নভেম্বরের সভায় গৃহীত সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আইন, সংবিধি, বিধি, প্রবিধান, নীতিমালা এবং যথাযথ অ্যাকাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে।
সভায় আরও উল্লেখ করা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনা ও অ্যাকাডেমিক বিষয়ে প্রযোজ্য আইনগত কাঠামোর মধ্যে তাদের নিজস্ব স্বায়ত্তশাসন ও স্বাধীনতা রয়েছে।