মো : জাহেদী আরমান
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ২:৩০ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ২

দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী

দেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের পর্যায়ক্রমে সরকারি ভাতার আওতায় আনার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। তিনি জানিয়েছেন, ইতোমধ্যে কয়েকটি মসজিদে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি শুরু হয়েছে। পাইলট প্রকল্পের কার্যক্রম শেষ হওয়ার পর তালিকা প্রণয়নের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের সব মসজিদকে এ কর্মসূচির আওতায় আনা হবে।

শনিবার (১৪ নভেম্বর) ময়মনসিংহের নান্দাইল উপজেলার চৌরাস্তায় অরণ্যপাশায় খানকায়ে হুসাইনিয়া মাদানিয়ার উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি এলাকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতা প্রদানের কর্মসূচি চালু করেছেন। ইতোমধ্যে কয়েকটি মসজিদে পাইলট প্রকল্পের আওতায় কার্যক্রম শুরু হয়েছে। পরীক্ষামূলক কার্যক্রমের অভিজ্ঞতা পর্যালোচনা ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পর্যায়ক্রমে সারা দেশের মসজিদগুলোকে এ কর্মসূচির আওতায় আনা হবে। ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক ও ধর্মীয় অবদানের স্বীকৃতি হিসেবেই সরকার এ উদ্যোগ নিয়েছে।

বক্তব্যে বিগত সরকারের সমালোচনা করে ইয়াসের খান চৌধুরী বলেন, গত ১৭ বছরে দেশে ওয়াজ মাহফিল আয়োজন করতে দেওয়া হয়নি, অথচ যাত্রার আয়োজন করতে দেওয়া হয়েছে। ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সংস্কৃতির প্রতি যথাযথ গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

নির্বাচনকেন্দ্রিক ধর্মীয় প্রচারণার সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের সময় একটি দল বেহেশতের টিকিট বিক্রির কথা বলেছে এবং নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে বলে প্রচার করেছে। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

শাপলা চত্বর ও জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো ধরনের প্রশ্রয় দেওয়া উচিত নয়। তবে কেউ বড় ধরনের সমস্যা সৃষ্টি না করলে সরকারও তাদের ব্যাপারে কঠোর হতে চায় না। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

নান্দাইলের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এলাকার উন্নয়নে প্রয়োজনীয় কাজ নিয়মনীতি অনুসরণ করেই বাস্তবায়ন করা হচ্ছে। এ উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এর আগে প্রতিমন্ত্রী উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজার-বাহাদুরপুর নতুন বাজার সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি বলেন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন গ্রামীণ অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় জনগণের প্রয়োজন বিবেচনায় নিয়েই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

এদিন নান্দাইলে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৬টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেন প্রতিমন্ত্রী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা লাঘবে সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মাহফিলে অংশ নেওয়া মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজক প্রতিষ্ঠান খানকায়ে হুসাইনিয়া মাদানিয়ার পীর হযরত মাওলানা আব্দুল কুদ্দুসকে ধন্যবাদ জানান ইয়াসের খান চৌধুরী। আগামী বছর মাহফিলের সার্বিক উন্নয়নেও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কুদ্দুস। প্রতিমন্ত্রীও মোনাজাতে অংশ নেন।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে -আই

1

তৃণমূল পর্যায়ে ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া গণতন্ত্র শক্তিশালী

2

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলার আয়োজন করা হবে: প্রধান তথ্য

3

স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজাতে হবে, পরিবর্তন আনতে হবে মানসিকত

4

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

5

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

6

জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরড

7

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

8

শিশুদের অনলাইন নিরাপত্তায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান

9

তরুণ সমাজকে সুসংগঠিত করে সুন্দর বাংলাদেশ গঠন করা সম্ভব -যুব

10

ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-

11

ইবিতে বিশ্ব ফেজ সপ্তাহ-২০২৬ পালিত

12

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তা

13

স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হব

14

ভূমিকম্প মোকাবিলায় আগাম প্রস্তুতি ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত ক

15

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

16

ট্যালকম পাউডারের ঘোষণায় ২৫ টন রাসায়নিক পণ্য খালাসের চেষ্টা,

17

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

18

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

19

রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি, সুবিধা পাবেন ৪০ ল

20