মো : জাহেদী আরমান
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১২:২২ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ১

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থের সংঘাত ও অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা গণতান্ত্রিক সমাজের স্বাভাবিক বিষয়। তবে এসব ভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে শিক্ষকদের সতর্ক থাকতে হবে।

শনিবার সকালে রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের সম্মিলনের প্রতিপাদ্য ছিল—‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।

প্রধানমন্ত্রী বলেন, একজন অধ্যক্ষ কেবল শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন; তিনি প্রতিষ্ঠানের নেতা, নৈতিক দিকনির্দেশক এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ার অন্যতম স্থপতি। একটি প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রগতি অনেকাংশে অধ্যক্ষের মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত, বিচক্ষণতা ও দূরদর্শিতার ওপর নির্ভর করে।

শিক্ষাব্যবস্থার মানোন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শহর ও গ্রামের মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। তবে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়ার পাশাপাশি শিক্ষার মান কতটা উন্নত হয়েছে, তা নিয়ে আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে।

বিগত ফ্যাসিবাদী শাসনামলে দেশের অন্যান্য খাতের মতো শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে শিক্ষাব্যবস্থাকে আধুনিক, মানসম্মত ও সময়োপযোগী করে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করছে। তবে সেগুলোর কার্যকর বাস্তবায়নে কলেজ অধ্যক্ষদের নেতৃত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, প্রচলিত শিক্ষককেন্দ্রিক শিক্ষার পরিবর্তে শিক্ষার্থী ও গবেষণাভিত্তিক পাঠদান পদ্ধতি চালু করতে হবে। এ ক্ষেত্রে ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তির সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের খাপ খাওয়াতে না পারলে প্রতিবছর সনদনির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়লেও বেকারত্ব কমবে না। একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি জ্ঞান এবং কর্মদক্ষতার অভাব শিক্ষিত বেকারত্বের অন্যতম কারণ।

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সাইবার নিরাপত্তা ও ফাইভ-জি প্রযুক্তি ভবিষ্যতের কর্মজগতে ব্যাপক পরিবর্তন আনছে। এসব প্রযুক্তির কারণে পুরোনো অনেক পেশা বিলুপ্ত হওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে। তাই প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই।

শিক্ষার সঙ্গে শিল্প খাতের কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞানের ভিত্তি তৈরি করবে, আর শিল্প খাত সেই জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তর করবে। এ লক্ষ্যে শিল্প প্রতিষ্ঠানের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে পাঠদানের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ও বাস্তব কর্মক্ষেত্রে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ বাড়াতে শিল্প উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাজীবনেই লক্ষ্যভিত্তিক কর্মদক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারলে শিক্ষার্থীরা শুধু চাকরির অপেক্ষায় থাকবেন না; বরং নিজেরাই উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থান সৃষ্টিতে সক্ষম হবেন।

শিক্ষাকে শুধু চাকরির প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আধুনিক প্রযুক্তিগত শিক্ষার সঙ্গে মানবিক শিক্ষার সমন্বয় ঘটাতে হবে। সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ তৈরি করতে হবে।

আন্তর্জাতিক কর্মবাজারে প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি ও জার্মানসহ বিভিন্ন আন্তর্জাতিক ভাষা শেখার সুযোগ তৈরির ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ক্যারিয়ার কাউন্সেলিং, দক্ষতা উন্নয়ন, ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠা, ইন্টার্নশিপ এবং উদ্যোক্তা তৈরির উদ্যোগ বাড়ানোর কথা বলেন তিনি।

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সংকট নিরসনেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, কলেজভিত্তিক শিক্ষক সংকট নিরূপণ, শূন্য পদ পূরণ, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ ও পদায়নের পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধিতে উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, এনটিআরসিএ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

পরিবেশ সংরক্ষণ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, যেসব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উপযোগী জায়গা রয়েছে, সেসব প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করতে হবে। শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মিলিত উদ্যোগে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি জানান, ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় দুই লাখ বৃক্ষরোপণ করা হয়েছে। এ কার্যক্রম আরও সম্প্রসারণ করতে হবে।

এছাড়া আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণে প্রতিটি কলেজ কর্তৃপক্ষকে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যে দেশ জ্ঞান ও গুণে সমৃদ্ধ, কর্মে আত্মনির্ভরশীল, মানবিকতায় উন্নত এবং বিশ্বমঞ্চে নিজস্ব মর্যাদায় মাথা উঁচু করে দাঁড়াবে। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির সাফল্যও কামনা করেন তিনি।

এর আগে সকাল ১০টা ২০ মিনিটে সম্মিলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ গানের সঙ্গে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একটি গাছ উপহার দেওয়া হয়।

এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাজাহান মোল্লার তৈরি ‘দুর্যোগ থেকে স্বস্তি’ শীর্ষক একটি অ্যাপের তথ্যচিত্র প্রকাশ করা হয়। অ্যাপটিতে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবিলায় জরুরি সতর্কতা ও সহায়তা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দর, যাতায়াত ব্যবস্থাপনা, স্বাস্থ্যসংশ্লিষ্ট সতর্কবার্তা এবং সরকারি কার্যক্রমে সহায়ক তথ্যপ্রবাহের বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে বর্তমানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী। উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং কলেজ পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যেই এ সম্মিলনের আয়োজন করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

এ ছাড়া বক্তব্য দেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম, লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমীন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবিতে বিশ্ব ফেজ সপ্তাহ-২০২৬ পালিত

1

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

2

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ও চামড়াশিল্পের উন্নয়নে তুরস্কের অ

3

শেখ হাসিনার ইচ্ছায় নয়, আইনি প্রক্রিয়ায় দেশে ফিরতে হবে: তথ্য

4

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

5

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

6

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

7

২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে, গুরুত্ব পাচ্ছ

8

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

9

সীমান্ত হত্যা বন্ধে গুরুত্বারোপ, পেট্রাপোলে বিজিবি-বিএসএফের

10

বাংলাদেশে টয়োটার গাড়ি উৎপাদন কারখানা, কাজ শুরু ২০২৭ সালে

11

ক্যাম্পাসগুলোকে অশান্ত করলে সামাল দিতে পারবেন না— শিবির সভাপ

12

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

13

দেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে: রিজভী

14

ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্র

15

দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বর

16

সৌদি আরবে হুতি হামলার নিন্দা বাংলাদেশের

17

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

18

স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজাতে হবে, পরিবর্তন আনতে হবে মানসিকত

19

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

20