দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর মধ্যে বিতরণের জন্য আনা বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক নিজে চালিয়ে পরীক্ষা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে বিভিন্ন ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়। এ সময় তিনি নিজেই সেগুলো চালিয়ে বাইসাইকেলের গুণগত মান ও ব্যবহারিক সুবিধা পরখ করে দেখেন।
উদ্যোগের আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।
শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, মেয়েদের শিক্ষার সুযোগ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন