নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসহ (সিএ) হিসাব পেশাজীবীদের অযাচিত চাপের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে প্রতিবেদন তৈরির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নিরীক্ষার বিশ্বাসযোগ্যতা নির্ভর করে নিরীক্ষকের স্বাধীনতার ওপর। তাই যেকোনো চাপ উপেক্ষা করে সত্যনিষ্ঠ প্রতিবেদন তৈরির সাহস থাকতে হবে হিসাব পেশাজীবীদের।
শনিবার সকালে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) আন্তর্জাতিক সম্মেলন-২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল—‘সামষ্টিক-রাজস্ব স্থিতিশীলতা সুরক্ষা ও বিনিয়োগকারীদের আস্থা গড়ে তোলা’।
রাষ্ট্রপতি বলেন, সরকার এমন একটি পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে হিসাব পেশাজীবী, সরকারি কর্মকর্তা ও নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা ভয়ভীতি বা পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালন করতে পারবেন।
তিনি বলেন, দেশের আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, পুঁজিবাজার শক্তিশালী করা এবং মানসম্মত বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন প্রয়োজন। পাশাপাশি বিনিয়োগকারীদের সঠিক তথ্যপ্রাপ্তি ও পূর্বানুমানযোগ্য নিয়ন্ত্রক পরিবেশ নিশ্চিত করতে হবে।
দেশের আর্থিক খাতের অতীত পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, গত ১৫ বছরেরও বেশি সময়ে ব্যাংকিং, বিমা, পুঁজিবাজার ও করপোরেট সুশাসনের দায়িত্বে থাকা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ব্যবসায়ী অলিগার্কদের সঙ্গে অসাধু যোগসাজশের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়েছে। এর ফলে দেশের অর্থনীতি দুর্নীতি ও নৈরাজ্যের চক্রে আটকে পড়েছে।
তিনি জানান, ২০২৪ সালে প্রকাশিত বাংলাদেশের অর্থনীতিবিষয়ক শ্বেতপত্রে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচারের তথ্য উঠে এসেছে। বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার দেশ থেকে বেরিয়ে গেছে, যা জিডিপির প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ২০২৬ সালের জুনের শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা, যা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ।
আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, স্বচ্ছতা অনেক সময় কষ্টদায়ক হলেও তা অপরিহার্য। সংকটের প্রকৃত মাত্রা স্বীকার না করলে তা মোকাবিলা করা সম্ভব নয়।
অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং জালিয়াতি রোধ, আইনসম্মত উপায়ে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার এবং খেলাপি ঋণের বোঝা মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।
টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, অনিয়ম, তহবিলের অপব্যবহার ও অযাচিত প্রভাব প্রতিরোধে সততা, জবাবদিহি ও স্বচ্ছতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, অর্থনীতিকে সুরক্ষিত রাখা শুধু নিরীক্ষকদের দায়িত্ব নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। হিসাববিদ, কর ও রাজস্ব কর্মকর্তা, সরকারি ক্রয় কার্যক্রমের প্রশাসক, প্রকল্প প্রকৌশলী এবং নীতিনির্ধারকদেরও সরকারি সম্পদ রক্ষায় ভূমিকা রাখতে হবে। এ সময় নীতিনির্ধারণী পর্যায়ে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
দক্ষিণ এশিয়ার দেশগুলোকে অর্থপাচার, জলবায়ু ঝুঁকি ও প্রযুক্তিগত পরিবর্তনের মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় পারস্পরিক আস্থা ও সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদান ও উদ্যোগের কথাও স্মরণ করেন তিনি।
অনুষ্ঠানে সাফা উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করায় আখতার সানজিদা কাশেমের হাতে অভিনন্দন স্মারক তুলে দেন রাষ্ট্রপতি। এ সময় আয়োজকদের পক্ষ থেকে রাষ্ট্রপতিকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার।
সাফার সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিএবির সভাপতি সাব্বির আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেটলাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা এম আলাউদ্দিন আহমেদ।
মন্তব্য করুন