আশপাশের কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করা এবং তাদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো প্রাণীর উপকার করতে না পারলেও অন্তত তাদের ক্ষতি করা বা কষ্ট দেওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে।
আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অনেক সময় মানুষ অকারণে বিভিন্ন প্রাণীকে নির্যাতন করে ও কষ্ট দেয়, যা কোনোভাবেই কাম্য নয়। আল্লাহ তায়ালা মানুষের কল্যাণ ও প্রয়োজনে এসব প্রাণী সৃষ্টি করেছেন। তাই প্রতিটি প্রাণীর প্রতি দায়িত্বশীল আচরণ করা উচিত।
তিনি বলেন, পরিবারের শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই জীবজন্তুর প্রতি মমত্ববোধ, সহানুভূতি ও দায়িত্বশীলতার শিক্ষা দিতে হবে। তাদের বোঝাতে হবে, মানুষের পাশাপাশি চারপাশের প্রতিটি প্রাণীরও বেঁচে থাকার অধিকার রয়েছে।
তারেক রহমান আরও বলেন, সম্ভব হলে আশপাশের জীবজন্তুর যত্ন নেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রাণীর প্রতি ভালোবাসা ও সহমর্মিতার মানসিকতা গড়ে তোলা গেলে মানুষ, জীবজন্তু ও প্রকৃতির সহাবস্থানে একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ সম্ভব হবে।
এর আগে প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
মন্তব্য করুন