দেশ ও বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র্যাংকিংয়ে অবস্থান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
সোমবার সকালে বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এম এ কাশেম। এ সময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ ও রেহানা রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম, আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
তারা জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা, একাডেমিক বিনিময় ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে এনএসইউ। বিশ্ববিদ্যালয়টির প্রায় ৯৫ শতাংশ স্নাতক দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
এ সময় পূর্বাচলে ৪০০ বিঘা জমির ওপর বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনার বিষয়টিও রাষ্ট্রপতিকে জানানো হয়।
প্রতিনিধিদলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে। দেশের শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার উপযোগী করে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, যে শিক্ষাব্যবস্থা বেকারত্ব সৃষ্টি করে এবং কর্মক্ষেত্রের উপযোগী মানবসম্পদ তৈরি করতে পারে না, সেখান থেকে ক্রমান্বয়ে বেরিয়ে আসতে হবে। শিক্ষাকে কর্মমুখী ও সময়োপযোগী করার ওপরও গুরুত্ব দেন তিনি।
সাক্ষাৎকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আসন্ন ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান প্রতিনিধিদলের সদস্যরা। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ১০ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
মন্তব্য করুন