বাসাবাড়িতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম নিশ্চিত করতে বাজার মনিটরিং ও নজরদারি আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে কৃত্রিম সংকট ও খোলাবাজারে মূল্যবৃদ্ধি ঠেকাতে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং জরুরি মজুদ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সিলিন্ডার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বাজারে পণ্য বিক্রির প্রবণতা অনেক সময় দেখা যায়। আন্তর্জাতিক বাজারে জ্বালানির অনিশ্চয়তা ও সরবরাহ ঘাটতির পাশাপাশি এ ক্ষেত্রে সুযোগসন্ধানী মনোভাবও কাজ করে।
তিনি বলেন, ভোক্তারা যাতে সরকার নির্ধারিত দামেই এলপিজি কিনতে পারেন, সে জন্য জেলা প্রশাসকদের (ডিসি) মাধ্যমে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ নজরদারি আরও জোরদার করা হবে।
তথ্য উপদেষ্টা বলেন, বাজারে পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার চেয়ে সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাফার স্টক বা জরুরি মজুদ বাড়ানোর ওপর সরকার বেশি গুরুত্ব দিচ্ছে। এর মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরির সুযোগ বন্ধ করতে চায় সরকার।
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ফরমাল চ্যানেলে একাধিকবার তাঁকে দেশে ফিরিয়ে আনার অনুরোধ জানানো হয়েছে।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা শুধু অভিযুক্ত নন, তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে সংবিধান অনুযায়ী কিছু মৌলিক অধিকার স্থগিত থাকে।
তথ্য উপদেষ্টা আরও বলেন, সরকার একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চায়। শেখ হাসিনা নিজেও যেহেতু প্রত্যর্পণ করতে চান, সে ক্ষেত্রে ভারত সরকারের কোনো সমস্যা থাকার কথা নয় বলে তিনি মনে করেন।
শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি ও কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। কেউ দলীয় ব্যানার ব্যবহার করে সভা বা কর্মসূচি পালনের চেষ্টা করলে তা নিষেধাজ্ঞার স্পষ্ট লঙ্ঘন হবে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সজাগ রয়েছে। অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রেস ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন