কপ৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে তাঁকে বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট আন্তালিয়া বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি আন্তালিয়ায় পৌঁছায়। বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে স্বাগত জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম। এ সময় দুই শিশু তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। পরে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হলে তিনি অভিবাদন গ্রহণ করেন।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বেলেক শহরের পাঁচতারকা ‘পাপিলুন জোগমা রিলাক্সারি’ রিসোর্টে অবস্থান করবেন।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। এটি হবে সফরে তাঁর প্রথম দ্বিপক্ষীয় বৈঠক। এতে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
আগামী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য কপ৩১ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ১২ নভেম্বর বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সেখানে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি।
সম্মেলনের ফাঁকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হচ্ছে। এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের বিষয়টি বিবেচনায় রয়েছে।
পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানিয়েছেন, এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও জলবায়ু সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে। তাঁর আশা, এসব আলোচনা বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার নতুন সুযোগ তৈরি করবে।
জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার থাকবে জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা এবং উন্নত দেশগুলোর প্রতিশ্রুত জলবায়ু অর্থায়ন বাস্তবায়নের দাবি তোলা। পররাষ্ট্র সচিবের ভাষ্য অনুযায়ী, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ হলেও জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।
সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরবে বাংলাদেশ। পাশাপাশি জলবায়ু সহনশীলতা অর্জনে দেশের সাফল্য এবং দক্ষিণ এশিয়া ও বৃহত্তর এশীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতা বিনিময় করা হবে।
এবারের সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের পক্ষ থেকে একটি পাট-প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। সেখানে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। পাট ও পাটজাত পণ্যের প্রসারে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে যৌথ ঘোষণার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
এ ছাড়া আগামী ১২ ও ১৩ নভেম্বর সম্মেলনের ব্লু জোনে দুটি সাইড ইভেন্ট আয়োজন করবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটিতে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের নারীদের বিশেষ ঝুঁকি এবং অন্যটিতে কৃত্রিম পলিমারের বিকল্প হিসেবে পচনশীল ও বর্জ্যমুক্ত পাটজাত পণ্যের প্রসারে বিদ্যমান চ্যালেঞ্জ তুলে ধরা হবে।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল কপ৩১ সম্মেলনে অংশ নিচ্ছে। প্রতিনিধি দলে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, এসডিজিবিষয়ক প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং উপ-প্রেস সচিব হাসান শিপলুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় (বাংলাদেশ সময়) প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে তাঁদের বহনকারী ফ্লাইট ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছায়। সেখানে ভিভিআইপি মর্যাদায় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় অতিথি ভবনে নেওয়া হয়। তাঁকে অভ্যর্থনা জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকার হাকতানকাচমাজ।
উল্লেখ্য, কপ (কনফারেন্স অব দ্য পার্টিজ) জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন। এতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপ, অর্থায়ন ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে সদস্য দেশগুলো আলোচনা করে। এবারের সম্মেলনে তুরস্ক সভাপতিত্ব করছে এবং অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক আলোচনার সভাপতির দায়িত্ব পালন করছে।
মন্তব্য করুন