মো : জাহেদী আরমান
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১:১৭ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৪

গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলমত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলা এবং বাংলাদেশকে আবারও তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মতো সব গণতান্ত্রিক শক্তিকে একমঞ্চে দাঁড়াতে হবে।

বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, সরকার যখন আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে দেশকে স্বনির্ভর বাংলাদেশে রূপান্তরের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই পতিত, পলাতক ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

ফ্যাসিস্টদের পরিচয় সন্ত্রাসী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এত মানুষ হত্যা, গুম ও নির্যাতনের পরও তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। লন্ডনে এনসিপির সভাপতি নাহিদ ইসলামের ওপর হামলার চেষ্টা, যুক্তরাষ্ট্রে এনসিপি নেতাদের সঙ্গে অসদাচরণ এবং ইতালিতে একজন নারী শিল্পীর ওপর হামলার ঘটনাও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ দলটির পলাতক নেত্রী গণতন্ত্রকামী মানুষের ঘরবাড়িতে আগুন দেওয়া এবং মানুষ হত্যার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দলটি রাজনৈতিক দলের পরিবর্তে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরেছে বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, দেশপ্রেমিক জনগণ অন্য কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেনি। একইভাবে স্বাধীনতাকামী ও গণতন্ত্রপ্রিয় মানুষ ২০২৪ সালের গণঅভ্যুত্থান ঘটায়নি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অন্যের হাতে তুলে দেওয়ার জন্য।

সংসদে প্রতিনিধিত্বকারী গণতান্ত্রিক দলগুলোর পাশাপাশি সংসদের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোর প্রতিও ঐক্যের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পতিত, পরাজিত ও তাঁবেদার অপশক্তির বিরুদ্ধে সবাইকে একমঞ্চে দাঁড়াতে হবে।

বেগম খালেদা জিয়ার একটি বক্তব্য স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁবেদার অপশক্তির বিরুদ্ধে সেই আওয়াজ তুলতে হবে, যে আওয়াজ তিন দশক আগে দেশনেত্রী তুলেছিলেন—‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’

সংসদ সদস্যদের করতালির মধ্যে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, যাদের হাতে মানুষের গোলামির জিঞ্জির, সেই তাঁবেদারি শক্তিকে বাংলাদেশের জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। তার আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।

প্রতিবেশী দেশের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের অবস্থান দেশের স্বাধীনতাপ্রিয় মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। তারা বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের পাশে নেই; বরং সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।

সংসদ অধিবেশনের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ অধিবেশনে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ও ভিন্নমত থাকলেও আলোচনা-সমালোচনার মধ্য দিয়েই গণতন্ত্র এগিয়ে যায়।

তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থে সবাই মিলে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পুনর্গঠনে এগিয়ে যেতে হবে। হাজারো মানুষের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই গণতান্ত্রিক সংসদকে জনগণের প্রত্যাশা পূরণে সফল করে তুলতে হবে।

বক্তব্যে ১২ ফেব্রুয়ারি সরকার গঠনের পর সরকারের বিভিন্ন কার্যক্রমও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, নতুন কুঁড়ি স্পোর্টস, বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান, বিদেশে কর্মসংস্থান সৃষ্টি, বন্ধ কলকারখানা পুনরায় চালু এবং বিনিয়োগের পরিবেশ উন্নয়ন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) থেকে বাংলাদেশে অর্থায়নের সুযোগ এবং দেশের বর্তমান বাজার পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি।

বিকেল সোয়া ৪টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী কার্যক্রম শুরু হয়। মাগরিবের নামাজের বিরতির পর অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রেওয়াজ অনুযায়ী সমাপনী অধিবেশনে সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতা বক্তব্য দেন।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

1

আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্য রপ্তানিতে নতুন সম্ভাবনা, দেশে চা

2

সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্

3

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন

4

সরকারি অফিসে রাজনৈতিক সমর্থনের প্রতিফলন নয়, ব্যালট বাক্সে: প

5

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলার আয়োজন করা হবে: প্রধান তথ্য

6

সীমান্ত হত্যা বন্ধে গুরুত্বারোপ, পেট্রাপোলে বিজিবি-বিএসএফের

7

১৮ নভেম্বর পর্যন্ত চলবে সংসদের চতুর্থ অধিবেশন

8

কপ৩১ সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী, আজ এরদোয়ানে

9

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

10

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: সমাজকল্যাণ

11

আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশন শুরুর হুঁশিয়ারি বিএনপি নেতা মন

12

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

13

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

14

পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথভাবে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের কা

15

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

16

এইচএসসিতে পাসের হার কমে ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ কমেছে ২৯ হাজার

17

দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার -- আ

18

জনআস্থা ফেরাতে মানবিক ও জনবান্ধব পুলিশ গড়তে চাই: আইজিপি

19

অবশেষে গুড়িয়ে দেয়া হলো বরিশাল আগৈলঝরার বসত ঘরের মাঝের সেই দু

20