তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা ও প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরতে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর চট্টগ্রাম বিভাগীয় পর্ব। আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) খেলার মাঠে এ প্রতিযোগিতার প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠিত হবে।
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত এ অনুষ্ঠানে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত ৫৬টি বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করবেন। প্রযুক্তি, পরিবেশ, কৃষি, স্বাস্থ্য ও বিজ্ঞানের বিভিন্ন শাখায় ১০টি পৃথক ক্ষেত্রে এসব উদ্ভাবনী মডেল প্রদর্শিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে প্রকল্প প্রদর্শনী শুরু হবে। বেলা ২টায় শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্প পরিদর্শন, মতবিনিময়, পুরস্কার ও সনদ বিতরণ এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি খুঁজে বের করা, সেগুলোর বিকাশে সহযোগিতা এবং জনকল্যাণ ও জাতীয় উন্নয়নে কাজে লাগানোর সুযোগ তৈরি করাই এ প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য।
দেশব্যাপী ধারাবাহিক বিভাগীয় আয়োজনের অংশ হিসেবে বগুড়া, বরিশাল ও সিলেটের পর এবার চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে প্রতিযোগিতার চতুর্থ বিভাগীয় পর্ব। এতে চট্টগ্রাম বিভাগের নয়টি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো—চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় ও ফেনী সরকারি কলেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। সম্মানিত অতিথি থাকবেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
এ ছাড়া উপস্থিত থাকবেন বিজ্ঞান মেলা-২০২৬ আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ও সদস্য সচিব ড. মোস্তফা আজিজ সুমন, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. উমাশা উমায়ন মনি চৌধুরী ও সদস্য সচিব ডা. সারোয়ার আলম এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় মনিটর (কৃষি) অধ্যাপক ড. মো. আহসানুল হক রোকন।
আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্মের সুপ্ত প্রতিভা ও উদ্ভাবনী সম্ভাবনা বিকশিত হওয়ার পাশাপাশি চট্টগ্রাম বিভাগে বিজ্ঞানচর্চা, গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনে নতুন আগ্রহ তৈরি হবে। ভবিষ্যতে এসব উদ্ভাবন জাতীয় উন্নয়ন ও জনকল্যাণে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
মন্তব্য করুন