মো : জাহেদী আরমান
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১:০০ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ১

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপাখি পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান এবং উন্নত খাদ্য ও খামার ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা বাড়াতে কাজ করছে সরকার।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাত দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ জড়িত, যাদের প্রায় ৪০ শতাংশ নারী। দেশে বর্তমানে দুই লাখের বেশি বাণিজ্যিক ও প্রান্তিক পোল্ট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে।

প্রাণিসম্পদ খাতের অর্থনৈতিক অবদান তুলে ধরে তারেক রহমান বলেন, চলতি অর্থবছরে স্থির মূল্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ। চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ খাত থেকে ১০৪ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে।

তিনি বলেন, প্রাণিজ আমিষের নিরাপত্তা নিশ্চিত করা একটি আত্মনির্ভরশীল ও মেধাসমৃদ্ধ জাতি গঠনের অন্যতম পূর্বশর্ত। বর্তমানে দেশের মানুষের প্রাণিজ আমিষ গ্রহণের প্রায় ৬৫ শতাংশ আসে দুধ, মাংস ও ডিম থেকে। পুষ্টিগতভাবে শক্তিশালী প্রজন্ম গড়ে তুলতে হলে নিজস্ব উৎপাদন বাড়ানোর পাশাপাশি এ খাতকে শিল্পে রূপান্তর করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ প্রাণিসম্পদ খাতে স্বনির্ভর হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। এ জন্য খামারিদের সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

রপ্তানির সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত এবং অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ ও বাচ্চা উৎপাদনে সক্ষম হয়েছে এবং উর্বর ডিম রপ্তানিও শুরু করেছে। ভবিষ্যতে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত ও পোল্ট্রি পণ্যের বাজার সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

প্রাণিসম্পদ খাতের অন্যতম প্রধান চ্যালেঞ্জ রোগবালাই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে ১৭টি রোগের টিকা উৎপাদিত হচ্ছে। তবে এ সক্ষমতা পর্যাপ্ত নয়। এ কারণে সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানির জন্য খাদ্য নিরাপত্তা ও কোয়ারেন্টাইন মান নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

উপকূলীয় অঞ্চল, সিলেট ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে মহিষ পালনের সম্ভাবনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব এলাকায় জেগে ওঠা নতুন চর ও সরকারি খাসজমি খামারিদের ব্যবহারের জন্য বন্দোবস্ত দেওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে নির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠানে প্রাণীর অধিকার ও কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, পশুপাখির প্রতি নির্যাতন বন্ধ করতে হবে। পরিবার থেকেই শিশু-কিশোরদের প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দিতে হবে। প্রাণীদের খাদ্য, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করাও সবার দায়িত্ব।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হয়। পদকপ্রাপ্তদের স্বর্ণপদকের সঙ্গে ৫০ হাজার টাকা এবং রৌপ্যপদকের সঙ্গে ৩০ হাজার টাকা প্রদান করা হয়।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এ সময় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন এবং বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন বক্তব্য দেন।

পরে প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং মেলা ও প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী এ মেলায় ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন রয়েছে। একই সঙ্গে দেশের ৬৪টি জেলা ও উপজেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধা

1

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন রোববার: শ্রমমন্ত্র

2

প্রতিটি শিশুর শৈশব হোক নিরাপদ, ভবিষ্যৎ হোক সুরক্ষিত: ডা. জুব

3

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

4

নিরপেক্ষ ও স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে তথ্য কমিশন: প্রধান

5

সৌদি আরবে হুতি হামলার নিন্দা বাংলাদেশের

6

গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী

7

বেনাপোল বন্দরে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী, গুরুত্ব পেল য

8

তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হচ্ছে -

9

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্

10

ক্যাম্পাসগুলোকে অশান্ত করলে সামাল দিতে পারবেন না— শিবির সভাপ

11

তারেক রহমানের বক্তব্যে ভারতের নাম উল্লেখের খবর নাকচ করল ঢাকা

12

মিরপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগ, গ্রেপ্তার ১১

13

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান

14

প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালি

15

বিরোধী দল না এলেও জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন হবে: স

16

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ

17

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, ভারত-পাকিস্তানের

18

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তা

19

বেনাপোল পোর্ট থানায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ সদস্যসহ গ্রেপ

20